শংকরাচার্য ।। পর্ব - ৯ ।। স্বামী হরিময়ানন্দ

                          ।।  শংকরাচার্য ।।                                                                                                 ---- স্বামী হরিময়ানন্দ © ধারাবাহিক রচনা "এই ষোড়শবর্ষীয় বালকের রচনা আধুনিক সভ্য জগতের এক বিস্ময়" - স্বামী বিবেকানন্দ শ্রুতিস্মৃতি পুরাণানাম্‌ আলয়ং করুণালয়ম্‌। নমামি ভগবদপাদং শংকরম্‌ লোকশংকরম্‌। =============পর্ব-৯============= মণ্ডণ পত্নী উভয় ভারতী দেবী সরস্বতীর সমতুল্য ছিলেন মণ্ডনের পত্নী। যিনি এই   বিতর্ক সভার মধ্যস্থতা করেছিলেন। তিনি এখন বললেন, হে যতীশ্বর, আপনি আমার স্বামীকে পরাজিত করেছেন - এ কথা সত্য। কিন্তু   আমাকে পরাজিত না করলে আপনার পূর্ণ বিজয় হতে পারে না। আমি তাঁর অর্ধাঙ্গিনী, কাজেই আপনার অর্ধেক বিজয় হয়েছে, সম্পূর্ণ নয়। আচার্...

#শ্রীমদ্‌ ভগবদ্গীতা ।। প্রথম অধ্যায়

 

                         শ্রীমদ্‌ ভগবদ্গীতা




 ©                                                     অনুবাদ ঃ স্বামী হরিময়ানন্দ

প্রথম অধ্যায়

                                                 

অর্জুন বিষাদযোগ

 


ধৃতরাষ্ট্র উবাচ

ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ।

মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয় ।।১

শব্দার্থ – ধর্মক্ষেত্রে – ধর্মভূমি, কুরুক্ষেত্রে – কুরুক্ষেত্রে , সমবেতাঃ – সমবেত হয়ে, যুযুৎসবঃ – যুদ্ধ অভিলাষী, মামকাঃ -আমার, পাণ্ডবাঃ – পাণ্ডুর পুত্রগণ, চ- এবং, এব কিম্‌ - কি, অকুর্বত – করল, সঞ্জয় – হে সঞ্জয়।

অন্বয় – ধৃতরাষ্ট্র উবাচ। সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাঃ চ এব সমবেতাঃ কিম্‌ অকুর্বত?

শব্দার্থ -ধর্মক্ষেত্রে – ধর্মভূমি, কুরুক্ষেত্রে -কুরুক্ষেত্রে, সমবেতাঃ – সমবেত হয়ে, যুযুৎসবঃ -যুদ্ধকামী,মামকাঃ -আমার, পাণ্ডবাঃ -পাণ্ডুর পুত্রগণ, চ – এবং,এব কিম্‌ -কী, অকুর্বত – করল,সঞ্জয় – হে সঞ্জয়।

 

সরলার্থ – ধৃতরাষ্ট্র বললেন – হে সঞ্জয়, যুদ্ধ অভিলাষী আমার পুত্রগণ ও পাণ্ডুপুত্রগণ, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত হয়ে কী করছিলেন?

সঞ্জয় উবাচ

দৃষ্ট্বা তু পাণ্ডবানীকং ব্যূঢং দুর্যোধনস্তদা।

আচার্যমুপসঙ্গম্য রাজা বচনমব্রবীৎ ।।২

শব্দার্থ – দৃষ্ট্বা – দেখে, তু – এবং, পাণ্ডব-অনীকম্‌ -পাণ্ডবগণের সেনাকে, ব্যূঢ়ং – ব্যূহাকারে সজ্জিত, দুর্যোধনঃ -দুর্যোধন,  তদা – তখন, আচার্যম্‌ -দ্রোণাচার্যের, উপসংগম্য – নিকটে গিয়ে, রাজা – রাজা দুর্যোধন, বচনম্‌ - বাক্য, অব্রবীৎ - বললেন।

অন্বয়- সঞ্জয় উবাচ। তদা পাণ্ডক-অনীকং ব্যূঢ়ং দৃষ্ট্বা তু রাজা দুর্যোধনঃ আচার্যম্‌ উপসঙ্গম্য বচনম্‌ অব্রবীৎ।

সরলার্থ – সঞ্জয় বললেন – তখন রাজা দুর্যোধন পাণ্ডব সেনা গণকে  ব্যূহ সন্নিবিষ্ট দেখে, আচার্য দ্রোণের নিকট উপস্থিত হয়ে এরূপ বললেন।

পশৈতাং পাণ্ডুপুত্রাণাময়াচার্য মহতীং চমূম্‌।

ব্যূঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা।।৩

শব্দার্থ – পশ্য এতান্‌ - এই দেখুন, পাণ্ডুপুত্রাণাম্‌ - পাণ্ডুপুত্রদের, আচার্য – হে আচার্য,মহতীম্‌ - বিপুল, চমূম্‌ - সেনাকে, ব্যূঢ়াম্‌ - ব্যূহ আকারে অবস্থিত, দ্রুপদপুত্রেণ – দ্রুপদপুত্রের দ্বারা , তব – আপনার, শিষ্যেণ -শিষ্য, ধীমতা – ধীমান।

সরলার্থ – হে আচার্যদেব, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদপুত্রের(ধৃষ্টদ্যুম্ন) দ্বারা ব্যূহ মধ্যে সন্নিবিষ্ট ঐ বিপুল পাণ্ডব সেনা দেখুন।

অত্র শূরা মহেষ্বাসা ভীমার্জুনসমা যুধি।

যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথাঃ।।৪

শব্দার্থ – অত্র – এই সেনাতে, শূরাঃ – বহু বীরগণ, মহেষ্বাসাঃ – মহাধনুর্ধর, ভীমার্জুনসমাঃ – ভীম ও অর্জুনের সমান,  যুধি – যুদ্ধে,যুযুধানঃ – সাত্যকি ,বিরাটঃ – বিরাট,চ – এবং, দ্রুপদঃ – রাজা দ্রুপদ, চ – ও, মহারথাঃ – মহারথী।

শব্দার্থ – এই পাণ্ডবসেনাদের মধ্যে মহাধনুর্ধর এবং যুদ্ধে ভীম ও অর্জুনের তুল্য বীর, সাত্যকি, বিরাট, মহারথ দ্রুপদ।

ধৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান্‌।

পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবাশ্চ নরপুঙ্গবঃ।।৫

শব্দার্থ – ধৃষ্টকেতুঃ – ধৃষ্টকেতু, চেকিতানঃ – চেকিতান,  কাশিরাজঃ – কাশীরাজ, চ -এবং, বীর্যবান, - বলবান, পুরুজিৎ - পুরুজিৎ, কুন্তিভোজঃ – কুন্তিভোজ, চ – ও, শৈব্যঃ – শৈব্য, চ – আর, নরপুঙ্গবঃ – নরশ্রেষ্ঠ।

    সরলার্থ - আর ধৃষ্টকেতু, চেকিতান, মহাবলী কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, নরশ্রেষ্ট শৈব্য।                                                                                                             ো

যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান্‌।

সৌভদ্রো দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথাঃ।।৬

শব্দার্থ – যুধামন্যুঃ -যুধামন্যু, চ-ও, বিক্রান্তঃ – পরাক্রান্ত, উত্তমৌজাঃ -উত্তমৌজা চ – এবং, বীর্যবান্‌ -বলবান, সৌভদ্রঃ – অভিমন্যু, দ্রৌপদেয়াঃ – দ্রৌপদীর পঞ্চপুত্র, চ -এবং, সর্বে- সকলে, এব-ই, মহারথাঃ – মহারথী।

সরলার্থ- বিক্রমশালী যুধামন্যু, বীর্যবান্‌ উত্তমৌজা, অভিমন্যু এবং দ্রৌপদীর পুত্রগণ উপস্থিত আছেন - এরা সকলেই মহারথ।( যিনি একা দশ হাজার ধনুর্ধারী সৈন্যের সঙ্গে যুদ্ধ করতে পারেন)

 

 

অস্মাকম্‌ তু বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজোত্তম।

নায়কা মম সৈন্যস্য সংজ্ঞার্থং তান্‌ ব্রবীমি তে।।৭

শব্দার্থ – অস্মাকম্‌ - আমাদের পক্ষে, তু -ও, বিশিষ্টাঃ -প্রধান, যে – যাঁরা, তান্‌ - তাঁকে, নিবোধ – অবগত হোন, দ্বিজোত্তম – হে দ্বিজোত্তম, নায়কাঃ – সেনাপতি, মম – আমার, সৈন্যস্য -সৈন্যস্য, সংজ্ঞার্থম্‌ - জানবার জন্য, তান্‌ -তাঁদেরকে, ব্রবীমি -বলছি, তে – আপনার।

সরলার্থ - হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যাঁরা প্রধান ও আমার সৈন্যগণের অধিনায়ক তাঁদের সম্বন্ধে শুনুন। আপনার অবগতির জন্য তাদের নাম বলছি।

 

 

ভবান্‌ ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ।

অশ্বথামা বিকর্ণশ্চ সৌম্যদত্তি স্তথৈব চ।। ৮

শব্দার্থ – ভবান্‌ - আপনি, ভীষ্মঃ – ভীষ্ম, চ- এবং, কর্ণঃ – কর্ণ, চ- এবং, কৃপঃ – কৃপাচার্য, চ – ও, সমিতিঞ্জয়ঃ – সগ্রামজয়ী, অশ্বথামা- অশ্বথামা, বিকর্ণঃ – বিকর্ণ, চ- এবং, সৌমদত্তিঃ -সোমদত্তের পুত্র, তথা – সেরূপ,এব – এই, চ- এবং।

সরলার্থ -আমাদের পক্ষে আপনি, ভীষ্ম, কর্ণ, সমরবিজয়ী কৃপাচার্য, অশ্বথামা, বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা ও সিন্ধুরাজ জয়দ্রত আছেন।

অন্যে চ বহবঃ শূরা মদর্থে ত্যক্তজীবিতাঃ।

নানাশস্ত্রপ্রহরণাঃ সর্বে যুদ্ধবিশারদাঃ।।৯

শব্দার্থ – অন্যে চ – আরও, বহবঃ -বহু, শূরাঃ – বীরগণ, মদর্থে – আমার নিমিত্ত, ত্যক্ত-জীবিতাঃ – জীবনের আশা ত্যাগ করেছেন, নানা-শস্ত্র-প্রহরণাঃ – নানা প্রকার অস্ত্রশস্ত্রযুক্ত, সর্বেঃ – সকলেই, যুদ্ধ-বিশারদাঃ – যুদ্ধ বিশারদ।

সরলার্থ - নানা-শস্ত্রধারী আরও অনেক বীর আছেন, এঁরা সকলেই আমার জন্য প্রাণত্যাগে কৃতসঙ্কল্প এবং এঁরা সকলেই যুদ্ধে নিপুণ।

 

অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম্‌।

পর্যাপ্তং ত্বিদমেতেষাং ভীমাভিরক্ষিতম্‌।।১০

শব্দার্থ – অপর্যাপ্তম্‌ - অপরিমিত, তৎ - সেই, অস্মাকম্‌ - আমাদের, বলম্‌ -সৈন্য , ভীষ্ম-অভিরক্ষিতম্‌ - ভীষ্ম দ্বারা রক্ষিত,  পর্যাপ্তম্‌ - পরিমিত, তু- কিন্তু, ইদম্‌ -এই, এতেষাম্‌ - এদের, বলম্‌ -সৈন্যবল, ভীম-অভিরক্ষিতম্‌ - ভীম দ্বারা রক্ষিত।

সরলার্থ-  পিতামহ ভীষ্ম রক্ষিত আমাদের এই সৈন্যবল অপরিমিত মনে হয়। অপরপক্ষে ভীমরক্ষিত পাণ্ডবদের সৈন্যবল পরিমিত।

অয়নেষু চ সর্বেষু যথাভাগমবস্থিতাঃ।

ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি।।১১

শব্দার্থ – অয়নেষু – ব্যূহদ্বারে, চ- এই নিমিত্ত, যথাভাগম্‌ - নিজ নিজ স্থানে, অবস্থিতাঃ – অবস্থিত থেকে, ভীষ্মম্‌- পিতামহ ভীষ্মকে, এব-ই, অভি-রক্ষন্তু – সর্ব প্রকারে রক্ষা করুন, ভবন্তঃ -আপনারা, সর্বে – সকলে, এব হি – নিশ্চিতরূপে। 

সরলার্থ - অতএব আপনারা সকলেই ব্যূহ প্রবেশদ্বারে নিজ নিজ বিভাগে  অবস্থান করে পিতামহ ভীষ্মকে সকল দিক থেকে রক্ষা করুন।

 

তস্য সঞ্জনয়ন্‌ হর্ষং কুরুবৃদ্ধঃ পিতামহঃ।

সিংহনাদং বিনদ্যচ্চৈঃ শঙ্খং দধ্মৌ প্রতাপবান্‌।।১২

শব্দার্থ – তস্য – দুর্যোধনের, সঞ্জনয়ন্‌ -উৎপাদন করে, হর্ষম্‌ - আনন্দ, কুরুবৃদ্ধঃ – কুরুকুলের প্রধান, পিতামহঃ – পিতামহ ভীষ্ম, সিংহ-নাদম্‌ - সিং হের ন্যায়,  বিনদ্য – গর্জন করে, উচ্চৈঃ – উচ্চস্বরে,  শঙ্খম্‌ - শঙ্খ, দধ্মৌ – বাজালেন,  প্রতাপবান্‌ - প্রতাপশালী।

সরলার্থ - এমন সময়ে প্রতাপশালী কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম উচ্চঃস্বরে সিং হনাদ করে দুর্যোধনাদির আনন্দের জন্য শঙ্খধ্বনি করলেন।

ততঃ শঙ্খাশ্চ ভের্যশ্চ পণবানকগোমুখাঃ।

সহসৈবাভ্যহন্যন্ত স শব্দস্তুমুলো৳ভবৎ।।১৩

শব্দার্থ – ততঃ -এরপর, শঙ্খাঃ – শঙ্খ, চ-এবং, ভের্যঃ – ভেরী, চ-ও, পণব-আনক-গোমুখাঃ – ঢাক,মৃদঙ্গ, রণসিঙ্গা, সহসা – হঠাৎ, এব-ই, অভ্যহন্যন্ত – বেজে উঠল, সঃ-সেই, শব্দঃ -শব্দ, তুমুলঃ – ভয়ঙ্কর, অভবৎ -হোল।

সরলার্থ - এর পর শঙ্খ, ভেরী ঢোল,নাগরা, শৃঙ্গা প্রভৃতি রণবাদ্যসকল সহসা ভয়ঙ্কর শব্দে বেজে উঠল।

ততঃ শ্বেতৈর্হয়ৈর্যুক্তে মহতি স্যন্দনে স্থিতৌ।

মাধবঃ পাণ্ডবশ্চৈব দিবৌ শঙ্খৌ প্রদধ্মতুঃ।।১৪

শব্দার্থ – ততঃ – তার পর, শ্বেতৈঃ  হয়ৈঃ যুক্তে -শ্বেতবর্ণ অশ্বসমূহ-যুক্ত, মহতি -উওম, স্যন্দনে স্থিতৌ – রথে অবস্থিত, মাধবঃ – শ্রীকৃষ্ণ, চ- এবং, এব-ও, দিবৌ- অলৌকিক, শঙ্খৌ, প্রদধ্মতুঃ – বাজালেন।

সরলার্থ - এরপর শ্বেতবর্ণ অশ্বযুক্ত উত্তমরথে অবস্থিত মাধব ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন অসাধারণ দুটি শঙ্খ বাজালেন।

পাঞ্চজন্যং হৃষীকেশো দেবদত্তং ধনঞ্জয়ঃ।

পৌণ্ড্রং দধ্মৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদরঃ।১৫

শব্দার্থ – পাঞ্চজন্যম্‌ - পাঞ্চজন্য নামক শঙ্খ, হৃষীকেশঃ -শ্রীকৃষ্ণ, দেবদত্তম্‌ -দেবদত্ত নামক শঙ্খ, ধনঞ্জয়ঃ – অর্জুন,  পৌণ্ড্রম্‌- পৌণ্ড্র নামক, দধ্মৌ- বাজালেন, মহাশঙ্খম্‌ -মহাশঙ্খ, ভীমকর্মা – ভীষণ কর্মকারী, বৃকোদরঃ – ভীম।

সরলার্থ - শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা বৃকোদর পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন।

অনন্তবিজয়ং রাজা কুন্তীপুত্রো যুধিষ্ঠিরঃ।

নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ।।১৬

শব্দার্থ – অনন্ত-বিজয়ম্‌ - অনন্ত বিজয় নামক শঙ্খ, রাজা- রাজা, কুন্তীপুত্রঃ – কুন্তীপুত্র, যুধিষ্ঠিরঃ -যুধিষ্ঠির, নকুলঃ – নকুল, সহদেবঃ – সহদেব , চ- আর, সুঘোষ-মণিপুষ্পকৌ – সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ।

সরলার্থ - কুন্তীপুত্র রাজা যুধিষ্ঠির অনন্তবিজয় নামক, নকুল সুঘোষ নামক ও সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন।

কাশ্যশ্চ পরমেষ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ।

ধৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চাপরাজিতঃ।।১৭

শব্দার্থ – কাশ্যঃ -কাশীরাজ, চ- এবং, পরমেষ্বাসঃ -মহাধনুর্ধর, শিখণ্ডী – শিখণ্ডী, চ-এবং, মহারথঃ – মহারথী, ধৃষ্টদ্যুম্নঃ – ধৃষ্টদ্যুম্ন, বিরাটঃ – বিরাট রাজা, চ-আর, সাত্যকিঃ -সাত্যকি, চ-এবং, অপরাজিতঃ -অজেয় ।

দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে।

সৌভদ্রশ্চ মহাবাহুঃ শঙ্খান্‌ দধ্মুঃ পৃথক্‌ পৃথক্‌।।১৮

শব্দার্থ – দ্রুপদঃ – রাজা দ্রুপদ, দ্রৌপদেয়াঃ – দ্রৌপদীর পুত্রগণ, চ- এবং সর্বশঃ – সকলেই ,পৃথিবীপতে – হে রাজন্‌, সৌভদ্রঃ – সুভদ্রার পুত্র, অভিমন্যু, চ- ও, মহাবাহুঃ – মহাবীর, শঙ্খান্‌ -শঙ্খ, দধ্মুঃ – বাজালেন, পৃথক, পৃথক্‌ - পৃথক পৃথক ভাবে।

সরলার্থ – (১৭-১৮) মহাধনুর্ধর কাশীরাজ, মহারথ শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, রাজা বিরাট, অপরাজেয় সাত্যকি, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ এবং সুভদ্রানন্দন মহাবাহু অভিমন্যু - এরা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজালেন।

 

স ঘোষো ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি ব্যদারয়ৎ

নভশ্চ পৃথিবীং চৈব তুমুলো ব্যনুনাদয়ন্‌।।১৯

শব্দার্থ – সঃ -সেই, ঘোষঃ – শব্দ, ধার্তরাষ্ট্রাণাম্‌ - ধৃতরাষ্ট্রের পুত্রগণের, হৃদয়ানি – হৃদয় সকল, ব্যদারয়ৎ - বিদীর্ণ করে দিল, নভঃ চ – আকাশও, পৃথিবীম্‌ - পৃথিবীকে, চ- ও, এব – এবং, তুমুলঃ -ভয়ানক, ব্যনুনাদয়ন্‌ - প্রতিধ্বনিত করে।

*তুমুলো৳ভ্যনুনাদয়ন্‌ - পাঠান্তর।

সরলার্থ - সেই ভয়ানক বাদ্য-শব্দ আকাশ ও পৃথিবীকে প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করল।

অথ ব্যবস্থিতান্‌ দৃষ্ট্বা ধার্ত্রাষ্ট্রান্‌ কপিধ্বজঃ।

প্রবৃত্তে শস্ত্রসম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবঃ।

হৃষীকেশং তদা বাক্যমিদমাহ মহীপতে।। ২০

শব্দার্থ – অথ – এরপর, ব্যবস্থিতান্‌ - যুদ্ধে অবস্থিত, দৃষ্ট্বা – দেখে,  ধার্তরাষ্ট্রান্‌ - ধৃতরাষ্ট্রের পুত্রগণকে, কপিধ্বজঃ – বানরচিহ্ন পতাকা, প্রবৃত্তে – প্রবৃত্ত হয়ে,  শস্ত্র সম্পাতে – শস্ত্র চালনে,  ধনুঃ -ধনু, উদ্যম্য – উঠিয়ে, পাণ্ডবঃ -অর্জুন, হৃষীকেশম্‌ - শ্রীকৃষ্ণকে, তদা – তখন, বাক্যম্‌ ইদম্‌ - এই বাক্য, আহ – বললেন, মহীপতে – হে রাজন।

সরলার্থ - হে মহীপতে, এরপর বানর চিহ্নিত পতাকাযুক্ত রথে আরূঢ় হয়ে অর্জুন ধৃতরাষ্ট্রের পুত্রদের যুদ্ধের জন্য প্রস্তুত দেখে নিজের ধনুর্বাণ তুলে নিয়ে শ্রীকৃষ্ণকে একথা বললেন।

অর্জুন উবাচ

সেনয়োরুভয়োর্মধ্যে রথং স্থাপয় মে৳চ্যুত।।২১

শব্দার্থ- সেনয়োঃ -সেনার, উভয়োঃ -উভয়, মধ্যে – মধ্যে, রথম্‌ - রথ, স্থাপয় – স্থাপন কর, মে – আমার, অচ্যুত – হে অচ্যুত।

যাবদেতান্নিরীক্ষে৳হং যোদ্ধুকামানবস্থিতান্‌।

কৈর্ময়া সহ যোদ্ধব্যমস্মিন্‌ রণসমুদ্যমে।।২২

শব্দার্থ - যাবৎ- যতক্ষণ, এতান্‌ - এই সব, নিরিক্ষে – দেখি, অহম্‌ - আমি, যোদ্ধু-কামান্‌ -যুদ্ধকামীগণকে, অবস্থিতান্‌ - অবস্থিত। - কৈঃ – কার কার, ময়া  সহ – আমার সঙ্গে, যোদ্ধব্যম্‌ -যুদ্ধ করতে হবে, অস্মিন্‌ - এই, রণ- সমুদ্যমে – যুদ্ধ ব্যাপারে।

যোৎস্যমানানবেক্ষে৳হং য এতে৳ত্র সমাগতাঃ।

ধার্ত্রাষ্ট্রস্য দুর্বুদ্ধের্যুদ্ধে প্রিয়চিকির্ষবঃ।। ২৩

শব্দার্থ – যোৎস্যমানান্‌ - যুদ্ধকারিগণকে, অবেক্ষে – দেখব, অহম্‌ - আমি, যে – যারা যারা, এতে – এই সব বীরগণ,  অত্র – এই সেনাতে,  সমাগতাঃ – সমাগত, ধার্তরাষ্ট্রস্য – দুর্যোধনের, দুর্বুদ্ধেঃ – দুর্বুদ্ধি , যুদ্ধে – যুদ্ধে, প্রিয় – চিকীর্ষবঃ – হিতৈষী।

 

সরলার্থ (২১-২৩)- অর্জুন বললেন - হে অচ্যুত,  যুদ্ধ কামনায় আগত এদের যতক্ষণ আমি দেখি, ততক্ষণ তুমি উভয় সেনার মধ্যে আমার রথ স্থাপন কর। কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে এবং দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামনায় যারা এখানে এসেছেন, তাদেরকে আমি দেখব।

সঞ্জয় উবাচ

এবমুক্তো হৃষীকেশো গুড়াকেশেন ভারত।

সেনয়োরুভয়োর্মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম্‌।।২৪

শব্দার্থ- এবম্‌ -এভাবে , উক্তঃ – অভিহিত হয়ে, হৃষীকেশঃ – শ্রীকৃষ্ণ, গুড়াকেশেন – জিতনিদ্র অর্জুনের দ্বারা, ভারত – হে ধৃতরাষ্ট্র, সেনয়োঃ -সেনার,উভয়োঃ -উভয়,মধ্যে -মধ্যে, স্থাপয়িত্বা- স্থাপন করে, রথোত্তমম্‌ - উত্তম রথ।

ভীষ্মদ্রোণপ্রমুখতঃ সর্বেষাঞ্চ মহীক্ষিতাম্‌।

উবাচ পার্থ পশ্যৈতান্‌ সমবেতান্‌ কুরুনিতি।।২৫

শব্দার্থ - ভীষ্ম-দ্রোণ-প্রমুখতঃ – ভীষ্ম ও দ্রোণের সামনে, সর্বেষাম্‌ - সকল, চ-এবং, মহীক্ষিতাম্‌ - রাজগণের সামনে, উবাচ – বললেন, পার্থ – হে পার্থ, পশ্য-দেখ,এতান্‌ -এই, সমবেতান্‌ - সমবেত, কুরুন্‌ -কুরুগণকে, ইতি – এরূপ।

সরলার্থ -( ২৪-২৫) সঞ্জয় বললেন - হে ভারত, অর্জুন শ্রীকৃষ্ণকে ঐ কথা বলার পর, শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে ভীষ্ম, দ্রোণ এবং সমস্ত রাজাদের সামনে শ্রেষ্ঠ রথটি স্থাপন করে বললেন - হে পার্থ, সমবেত কুরুগণকে দেখ।

তত্রাপশ্যৎ স্থিতান্‌ পার্থঃ পিতৃনথ পিতামহান্‌।

আচার্যান্‌ মাতুলান্‌ ভ্রাতৃন্‌ পুত্রান্‌ পৌত্রান্‌ সখীংস্তথা।

শ্বশুরান্‌ সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি।।২৬

শব্দার্থ – তত্র – সেই,অপশ্যৎ - দেখলেন, স্থিতান্‌ -স্থিত, পার্থঃ -অর্জুন, পিতৃন্‌ -পিতৃব্যগণ, অথ – অনন্তর, পিতামহান্‌ - পিতামহগণকে, আচার্যান্‌ - আচার্যগণকে, মাতুলান্‌ -মাতুলগণকে, ভ্রাতৃন্‌ - ভ্রাতাগণকে, পুত্রান্‌ -পুত্রগণকে, পৌত্রান্‌ -পৌত্রগণকে, সখীন্‌ - বন্ধুগণকে, তথা -এবং, শ্বশুরান্‌ - শ্বশুরগণকে, সুহৃদঃ -সুহৃদ্গণকে, চ – আর এব- ও, সেনয়োঃ – সেনাতে, উভয়োঃ- উভয় পক্ষের, অপি-ই।

সরলার্থ - এরপর যুদ্ধস্থলে অবস্থিত উভয় পক্ষের সেনাদের মধ্যে পিতৃস্থানীয়, পিতামহ স্থানীয়, আচার্য মাতুল, পুত্র, পৌত্র, মিত্র , শ্বশুর ও বন্ধুদেরকে দেখলেন।

তান্‌ সমীক্ষ্য স কৌন্তেয়ঃ সর্বান্‌  বিন্ধূনবস্থিতান্‌।

কৃপয়া পরয়াবিষ্টো বিষীদন্নিদমব্রবীৎ।।২৭

শব্দার্থ – তান্‌ -সেই,সমীক্ষ্য- দেখে, সঃ- সে, কৌন্তেয়ঃ – অর্জুন, সর্বান্‌ -সকল, বন্ধূন্‌ -বন্ধুগণকে, অবস্থিতান্‌ - সম্মুখস্থিত, কৃপয়া- কৃপাদ্বারা, আবিষ্টঃ -অভীভূত, বিষীদন্‌ - বিষন্ন – হয়ে, ইদম্‌- এ কথা, অব্রবীৎ- বললেন।

সরলার্থ - অর্জুন তখন যুদ্ধস্থলে উপস্থিত বন্ধুগণকে দেখে অত্যন্ত কাতর ও বিষন্ন হয়ে এই কথা বললেন।

অর্জুন উবাচ

দৃষ্টেমান্‌ স্বজনান্‌ কৃষ্ণ যুযুৎসূন্‌ সমবস্থিতান্‌।

সীদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি।।২৮

শব্দার্থ- দৃষ্ট্বা -দেখে, ইমান্‌ -এই, স্বজনান্‌ - স্বজনদেরকে,কৃষ্ণ -হে কৃষ্ণ,যুযুৎসূন্‌ - যুদ্ধ অভিলাষী, সমবস্থিতান্‌ -উপস্থিত, সীদন্তি – অবসন্ন হচ্ছে, মম – আমার, গাত্রাণি – অঙ্গ সকল, মুখম্‌ চ – ও মুখ, পরিশুষ্যতি – শুষ্ক হচ্ছে।

বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে।

গাণ্ডীবং স্রংসতে হস্তাৎ ত্বক্‌ চৈব পরিদহ্যতে।।২৯

শব্দার্থ – বেপথুঃ – কম্প, চ – আর,  শরীরে -শরীরে, মে – আমার , রোমহর্ষঃ – রোমাঞ্চ, চ- এবং, জায়তে – হচ্ছে, গাণ্ডীবম্‌ - গাণ্ডীব ধনু,স্রংসতে – পড়ে যাচ্ছে, হস্তাৎ - হাত থেকে, ত্বক্‌ চ -  চর্মও, এব- যেন, পরিদহ্যতে – দগ্ধ হচ্ছে।

সরলার্থ _ অর্জুন বললেন - হে কৃষ্ণ, যুদ্ধের জন্য সমাগত স্বজনদের সামনে দেখে  আমার শরীর অবসন্ন ও মুখ শুকিয়ে যাচ্ছে। আমার শরীর কাঁপছে ও রোমাঞ্চিত হচ্ছে। হাত থেকে গাণ্ডীব-ধনু পড়ে যাচ্ছে, গায়ের চামড়া যেন জ্বলে যাচ্ছে।

ন চ শকনোম্যবস্থাতুং  ভ্রমতীব চ মে মনঃ।

নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব।।৩০

শব্দার্থ – ন – না, চ -ও, শকনোমি – অসমর্থ , অবস্থাতুম্‌ - স্থির থাকতে, ভ্রমতি -বিক্ষিপ্ত, ইব – যেন, চ-ও, মে – আমার, মনঃ – মন, নিমিত্তানি -লক্ষণগুলি, চ- ও, পশ্যামি – দেখছি, বিপরীতানি – বিপরীত, কেশব – হে কেশব।

সরলার্থ - হে কেশব, আমি আর স্থির থাকতে পারছি না। আমার মন চঞ্চল হচ্ছে। আমি নানা খারাপ লক্ষণ দেখতে পাচ্ছি।

ন চ শ্রেয়ো৳নুপশ্যামি হত্বা স্বজন্মমমাহবে।

ন কাঙ্খে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ।।৩১

শব্দার্থ – ন- না, চ – এবং, শ্রেয়ঃ- কল্যাণ, অনুপশ্যামি – দেখছি না,  হত্বা – বধ করে, স্বজনম্‌ - স্বজনকে, আহবে – যুদ্ধে, ন কাঙ্ক্ষে – আকাঙ্খা করি না, বিজয়ম্‌ - বিজয়, কৃষ্ণ – কৃষ্ণ, ন- না, চ- ও, রাজ্যম্‌ -রাজ্য, সুখানি চ – সুখও।

সরলার্থ - হে কৃষ্ণ, যুদ্ধে স্বজনদের বধ করে  কোন মঙ্গল দেখছি না। আমি এই যুদ্ধে জয় চাই না, রাজ্যও চাই না, সুখও চাই না।

 

কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন বা।

যেষামর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগাঃ সুখানি চ।।৩২

শব্দার্থ – কিম্‌ - কি প্রয়োজন, নঃ -আমাদের, রাজ্যেন – রাজ্যে, গোবিন্দ – হে গোবিন্দ, কিম্‌ - কি প্রয়োজন, ভোগৈঃ – ভোগে, জীবিতেন বা – অথবা জীবনে, যেষাম্‌ অর্থে – যাদের জন্য, কাঙ্ক্ষিতম্‌ - আকাঙ্ক্ষিত, নঃ – আমাদের, রাজ্যম্‌ - রাজ্য, ভোগাঃ – ভোগ্য সমূহ, সুখানি চ- এবং সুখাদি।

ত ইমে৳বস্থিতা যুদ্ধে প্রাণাংস্ত্যক্ত্বা ধনানি চ।

আচার্যাঃ পিতরঃ পুত্রাস্তথৈব চ পিতামহঃ।

মাতুলাঃ শ্বশুরাঃ পৌত্রাঃ শ্যালাঃ সম্বন্ধিনস্তথা।৩৩

শব্দার্থ – তা – তারা, ইমে – এই সব, অবস্থিতাঃ -উপস্থিত, যুদ্ধে – যুদ্ধে , প্রাণান্‌ ত্যক্ত্বা – জীবন ত্যাগ করে, ধনানি – ধন সম্পদ, চ – ও, আচার্যাঃ -আচার্যগণ, পুত্রাঃ – পুত্রগণ, তথা – সেরূপ, এব – এবং, চ- ও, পিতামহাঃ – পিতামহগণ, মাতুলাঃ -মাতুল, শ্বশুরাঃ -শশুর, পৌত্রাঃ – পৌত্র, শ্যালাঃ -শ্যালা,

 সম্বন্ধিনঃ -জ্ঞাতিগণ, তথা – এবং।

সরলার্থ – (৩২-৩৩) হে গোবিন্দ , যাদের জন্য রাজ্যভোগ ও সুখভোগ কামনা করি সেই আচার্য, পিতৃব্য , পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও স্বজন সকলেই নিজ নিজ প্রাণ ও ধনের আশা পরিত্যাগ করে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন।

এতান্ন হন্তুমিচ্ছামি ঘ্নতো৳পি মধুসূদন।

অপি ত্রৈলোক্যরাজস্য হেতোঃ কিং নু মহীকৃতে।।৩৪

শব্দার্থ – এতান্‌  ন – এই সকল না,হুতম্‌ - হত্যা করতে, ইচ্ছামি – ইচ্ছা করি না, ঘ্নতঃ -প্রতিপক্ষগণ, অপি – ও, মধুসূদন- হে মধুসূদন, অপি – ও, ত্রৈলোক্য-রাজ্যস্য – ত্রিলোকের রাজ্যের, হেতোঃ -নিমিত্ত, কিম্‌ নু – কি কথা, মহীকৃতে – পৃথিবীর জন্য।

সরলার্থ - হে মধুসূদন, যদি এরা আমায় মেরেও ফেলে, তবুও আমি এদের মারতে ইচ্ছা করি না এবং এ পৃথিবীর কথা কি, ত্রিভুবনের রাজত্বের জন্যও না।

 

নিহত্য ধার্ত্রাষ্ট্রান্‌ নঃ কা প্রীতিঃ স্যাজ্জনার্দন।

পাপমেবাশ্রয়েদস্মান্‌ হত্বৈতানাততায়িনঃ।।.৩৫

শব্দার্থ – নিহত্য – বধ করে, ধার্তরাষ্ট্রান্‌ -ধৃতরাষ্ট্রের পুত্রগণকে, নঃ – আমাদের, কা – কি, প্রীতিঃ – সুখ, স্যাৎ - হবে, জনার্দন – জনার্দন,  পাপম্‌ - পাপ, এব-ই, আশ্রয়েৎ - আশ্রয় করবে, অস্মান্‌ - আমাদেরকে, হত্বা – হত্যা করে, এতান্‌ - এই, আততায়িনঃ – আততায়িগণকে।

সরলার্থ - হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে বধ করে আমাদের কী সুখ হবে?

এই সব আততায়ীগণকে বধ করলে আমাদের পাপগ্রস্ত হতে হবে।

তস্মান্নার্হাঃ বয়ং হন্তুং ধার্তরাষ্ট্রান্‌ সবান্ধবান্‌

স্বজনং হি কথং হত্বা সুখিনঃ স্যাম মাধব।৩৬

শব্দার্থ – তস্মাৎ - এজন্য, ন অর্হাঃ – অনুচিত, বয়ম্‌ -আমরা, হন্তুম্‌ -বধ করলে,ধার্তরাষ্ট্রান্‌ - ধৃতরাষ্ট্রের পুত্রগণকে, স্ববান্ধবান্‌ - স্ববান্ধব, স্বজনম্‌ -স্বজনদেরকে, হি – যেহেতু, কথম্‌ - কিরূপে, হত্বা – হত্যা করে, সুখিনঃ -সুখী, স্যাম্‌ -হব, মাধব – হে মাধব।

সরলার্থ - হে মাধব, সে জন্য  বান্ধবগণসহ দুর্যোধন প্রভৃতিকে হত্যা করা আমাদের উচিত নয়। স্বজনদের বধ করে আমাদের পক্ষে সুখী হওয়া কীভাবে সম্ভব?

যদ্যপেতে ন পশ্যন্তি লোভোপহতচেতসঃ।

কুলক্ষয়কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম্‌।। ৩৭

শব্দার্থ – যদ্যপি – যদিও, এতে – এ সকলে, ন পশ্যন্তি – দেখছে না, লোভ-উপহত-চেতসঃ – লোভে অভিভূত, কুলক্ষয়-কৃতম্‌ - কুলক্ষয়জনিত, দোষম্‌ - দোষ, মিত্রদ্রোহে – মিত্র বিরোধে, এবং – পাতকম্‌ - পাপকে।

সরলার্থ - যদিও লোভে অভিভূত হয়ে এঁরা কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ জনিত পাতক দেখতে পাচ্ছে না।

 

কথং ন জ্ঞেয়মস্মাভিঃ পাপাদস্মান্নিবর্তিতুম্‌।

কুলক্ষয়কৃতং দোষং প্রপশ্যদ্ভির্জনার্দন।।৩৮

শব্দার্থ – কথম্‌ -কেন, ন জ্ঞেয়ম্‌ - জানব না, অস্মাভিঃ – আমাদের দ্বারা, পাপাৎ - পাপ, অস্মাৎ - এই, নিবর্তিতুম্‌ - নিবৃত্ত হওয়া, কুলক্ষয়কৃতম্‌- কুলক্ষয়জনিত, দোষম,- দোষ, প্রপশ্যদ্ভিঃ -দর্শনকারী, জনার্দন – হে জনার্দন।

সরলার্থ - তথাপি হে জনার্দন, কুলক্ষয় জনিত দোষ জেনেও এই পাপ কাজ থেকে আমরা কেন নিবৃত্ত হব না?

 

কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মাঃ  সনাতনঃ।

ধর্মে নষ্টে কুলং কৃৎস্নমধর্মো৳ভিভবত্যুত।।৩৯

শব্দার্থ – কুলক্ষয়ে- বংশনাশে, প্রণশ্যন্তি -বিনষ্ট হয়, কুলধর্মাঃ -কুলের ধর্ম, সনাতনাঃ – সনাতন, ধর্মে নষ্টে – ধর্ম নষ্ট হলে, কুলম্‌ -কুলকে, কৃৎস্নম্‌ - সমগ্রকে, অধর্মঃ -অধর্ম,  অভিভবতি – অভিভূত করে, উত-ও।

সরলার্থ - কুলক্ষয় থেকে সনাতন কুলধর্ম নষ্ট হয়। ধর্ম নষ্ট হলে অধর্ম সমুদয় কুলকে গ্রাস করে।

 

অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদ্যুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ।

স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণসঙ্করঃ।।৪০

শব্দার্থ – অধর্ম- অভিভবাৎ - অধর্ম বৃদ্ধি হলে, কৃষ্ণ – হে কৃষ্ণ,  প্রদুষ্যন্তি -দূষিত, কুলস্ত্রিয়ঃ – কুলস্ত্রীগণ, স্ত্রীষু – স্ত্রীগণ, দুষ্টাসু -ভ্রষ্ট হলে, বার্ষ্ণেয় – হে বার্ষ্ণেয়, জায়তে – উৎপন্ন হয়, বর্ণসঙ্করঃ – বর্ণসঙ্কর।

সরলার্থ – হে কৃষ্ণ, অধর্মের প্রাদুর্ভাব হলে কুলস্ত্রীগণ ব্যভিচারিণী হন। হে  বৃষ্ণিবংশোদ্ভব, স্রীগণ ব্যভিচারিণী হলে বর্ণসঙ্কর জন্মায়।

সঙ্করো নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্য চ।

পতন্তি পিতরো হ্যেষাং লুপ্তপিণ্ডোদকক্রিয়াঃ ।।৪১

শব্দার্থ – সঙ্করঃ – বর্ণসংকর, নরকায় – নরক প্রাপ্তির হেতু, এব -ই, কুলঘ্নানাম্‌ -কুলনাশীদের, কুলস্য চ – এবং কুলের, পতন্তি – পতিত হয়, পিতরঃ – পিতৃলোক, হি – ও, এষাম্‌ -এদের, লুপ্ত-পিণ্ড-উদক-ক্রিয়াঃ -পিণ্ড ও তর্পণাদিক্রিয়া লুপ্ত হয়।

সরলার্থ – বর্ণসঙ্কর, কুলবিনাশকদের এবং কুলের নরকভোগের জন্যই হয়ে থাকে। এদের পিতৃকুল পিণ্ড ও তর্পণের অভাবে নরকে পতিত হয়ে থাকে।

দোষৈরেতৈঃ কুলঘ্নানাং বর্ণসঙ্করকারকৈঃ।

উৎসাদ্যন্তে জাতিধর্মাঃ কুলধর্মাশ্চ শাশ্বতাঃ।।৪২

শব্দার্থ – দোষৈঃ -দোষের দ্বারা,এতৈঃ -এই, কুলাঘ্নানাম্‌ - কুলনাশীদের, বর্ণসঙ্কর-কারকৈঃ – বর্ণসংকর কারক, উৎসাদ্যন্তে -উৎসন্ন যায়, জাতিধর্মাঃ – স্বজাতিধর্ম, কুলধর্মাঃ – কুলধর্ম, চ – এবং, শাশ্বতাঃ – সনাতন।

সরলার্থ – কুলঘাতকগণের এই সকল বর্ণ সঙ্কর দোষের জন্য সনাতন জাতি ধর্ম ও কুলধর্ম বা আশ্রম ধর্ম নষ্ট হয়ে যায়।

উৎসন্নকুলধর্মাণাং মনুষ্যাণাং জনার্দন।

নরকে নিয়তং বাসো ভবতীত্যনুশুশ্রুম।।৪৩

শব্দার্থ – উৎসন্ন-কুল-ধর্মাণাম্‌ - কুলধর্ম উৎসন্নকারী , মনুষ্যাণাম্‌ - মনুষ্যগণের,জনার্দন – হে জনার্দন,  নরকে -নরকে, নিয়তম্‌ -নিত্যকাল, বাসঃ -বাস, ভবতি – হয়, ইতি – এরূপ, অনুশ্রুতম্‌ - শুনেছি।

সরলার্থ – হে জনার্দন, যাদের কুলধর্ম উৎসন্ন হয়েছে, তাদের নিয়ত নরকে বাস হয়, এ কথা আমরা শাস্ত্র ও আচার্যমুখে শুনেছি।

অহো বত মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ম্‌।

যদ্রাজ্যসুখলোভেন হন্তুং স্বজনমুদ্যতাঃ।।৪৪

শব্দার্থ – অহো বত – হায়, মহৎ পাপম্‌ - মহান পাপ, কর্তুম্‌ -করতে, ব্যবসিতাঃ – প্রবৃত্ত হয়েছি, বয়ম্‌ - আমরা, যৎ -যে, রাজ্য-সুখ-লোভেন – রাজ্য ও সুখের লোভে, হন্তুম্‌ - হত্যা করতে, স্বজনম্‌ - স্বজনদেরকে, উদ্যতাঃ -উদ্যত হয়েছি।

সরলার্থ -হায় ! রাজ্য প্রাপ্তির লোভে স্বজনগণকে বধ করতে উদ্যত হয়ে আমরা কী মহাপাপেই না প্রবৃত্ত হয়েছি।

যদি মামপ্রতিকারমশস্ত্রং শস্ত্রপাণয়ঃ।

ধার্তরাষ্ট্রা রণে হন্যুস্তন্মে ক্ষেমতরং ভবেৎ।।৪৫

শব্দার্থ – যদি -যদি, মাম্‌ -আমাকে, অপ্রতীকারম্‌ - প্রতিকার না করে, অশস্ত্রম্‌ -নিরস্ত্র, শস্ত্রপাণয়ঃ -শস্ত্রধারী, ধার্তরাষ্ট্রাঃ  - ধৃতরাষ্ট্রের পুত্রগণ, রণে – যুদ্ধে, হন্যুঃ – হত্যা করে, তৎ -তা, মে – আমার,ক্ষেমতরম্‌ - কল্যাণকরই, ভবেৎ - হবে।

সরলার্থ – যদি যুদ্ধে সশস্ত্র ধৃতরাষ্ট্রপুত্রগণ আত্মরক্ষায় নিশ্চেষ্ট ও নিরস্ত্র আমাকে বধ করে, আমার পক্ষে তা অধিকতর মঙ্গলজনকই হবে।

সঞ্জয় উবাচ

এবমুক্ত্বার্জুনঃ সংখ্যে রথোপস্থ উপাবিশৎ।

বিসৃজ্য সশরং চাপং শোকসংবিগ্নমানসঃ ।।৪৬।।

শব্দার্থ -এবম্‌ -এরূপ, উক্ত্বা – বলে, অর্জুনঃ – অর্জুন,সংখ্যে – যুদ্ধক্ষেত্রে, রথোপস্থঃ – রথের উপর, উপাবিশৎ - বসে পড়লেন, বিসৃজ্য -ত্যাগ করে, সশরম্‌ - বাণের দ্বারা, চাপম্‌ - ধনু, শোক-সংবিগ্ন-মানসঃ – শোকে আকুলচিত্ত।

সরলার্থ – সঞ্জয় বললেন – অর্জুন এই কথা বলে যুদ্ধে ধনুর্বাণ ত্যাগ করে বিষন্ন চিত্তে  রথের উপর বসে পড়লেন।

                  ।।ওঁ তৎ সৎ ।।

Comments